চট্টগ্রাম প্রতিনিধি :
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে চট্টগ্রাম–৫ (হাটহাজারী ও বায়েজিদ আংশিক) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন উত্তর মাদার্শা ইউনিয়নের বিভিন্ন এলাকায় দিনব্যাপী গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা চালিয়েছেন।
শনিবার সকাল থেকে তিনি হাটহাজারী উপজেলার ১০ নম্বর উত্তর মাদার্শা ইউনিয়নের একাধিক ওয়ার্ডে ঘুরে ঘুরে ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় লেংগার দোকান, মাদার্শা হাইস্কুল (জোড়পুকুর), তেমহনী বাজার, ছৈয়দ আহম্মদ হাট, রোসিঙ্গা ঘোনা, মাছোয়াঘোনা, বদিউল আলম হাট, লোহারপুল, মাহলুমা বাজার, মাদারীপুল ও বাড়িয়াঘোনা এলাকার হাট-বাজারে সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি।
গণসংযোগকালে সংক্ষিপ্ত বক্তব্যে ব্যারিস্টার মীর হেলাল উদ্দীন বলেন, গত দেড় দশকে হাটহাজারীতে কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি। দীর্ঘদিন ধরে ক্ষমতায় থাকা একটি গোষ্ঠী জনগণের ভোটাধিকার হরণ করে নিজেদের স্বার্থে ক্ষমতা ভোগ করেছে। কিন্তু সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে তারা ব্যর্থ হয়েছে বলে তিনি মন্তব্য করেন।
তিনি বলেন, নারী ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করা সময়ের দাবি। ভোটকেন্দ্রে যাতায়াত ও ভোট প্রদান শেষে নারীদের নিরাপদে ঘরে ফেরার পরিবেশ নিশ্চিত করতে হবে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, ইনশাআল্লাহ, নারী ভোটারদের বিপুল সমর্থন ধানের শীষ প্রতীকের পক্ষেই থাকবে।
ব্যারিস্টার মীর হেলাল উদ্দীন আরও বলেন, ধানের শীষ উন্নয়ন ও গণতন্ত্রের প্রতীক। অতীতের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে এ দেশের নারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। আগামীতেও তারা সঠিক ও ন্যায়সঙ্গত সিদ্ধান্ত নেবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
গণসংযোগকালে উত্তর মাদার্শা ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
নিউজটি পোস্ট করেছেন :
ডেস্ক রিপোর্ট