ঢাকা | , ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

অদম্য নারী পুরস্কার প্রদান চট্টগ্রামে নারীর ক্ষমতায়নে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত

ডেস্ক রিপোর্ট
নিউজ প্রকাশের তারিখ : Mar 3, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:

চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত বিভাগীয় পর্যায়ের ‘অদম্য নারী পুরস্কার-২০২৫’ প্রদান অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, নারীর ক্ষমতায়ন বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার। তিনি বলেন, দেশের মোট জনসংখ্যার প্রায় অর্ধেক নারী। তাদের স্বনির্ভর, আত্মপ্রত্যয়ী ও দক্ষ জনসম্পদে পরিণত করতে সরকার বহুমুখী কর্মসূচি বাস্তবায়ন করছে।
সোমবার সকালে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী উল্লেখ করেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া-এর সময় নারী শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ উদ্যোগ নেওয়া হয়েছিল। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় গঠন এবং মেয়েদের এইচএসসি পর্যন্ত অবৈতনিক শিক্ষা চালু তার সময়ের উল্লেখযোগ্য পদক্ষেপ বলে তিনি মন্তব্য করেন। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান-এর নেতৃত্বে নারীর ক্ষমতায়নে নতুন কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।
প্রতিমন্ত্রী আরও বলেন, দেশের অর্থনৈতিক অগ্রযাত্রা ত্বরান্বিত করতে নারীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে সরকার প্রয়োজনীয় সহায়তা দেবে। সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে এবং কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে।
চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয় ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে বিভাগীয় পর্যায়ে তিনটি ক্যাটাগরিতে চারজন নারীকে ফুল, ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়। সম্মাননা পাওয়া নারীরা নিজ নিজ জীবনের সংগ্রাম ও সাফল্যের অভিজ্ঞতা তুলে ধরেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. নাজিমুল হক, জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের অদম্য নারী পুরস্কার কর্মসূচির অতিরিক্ত পরিচালক মো. মনির হোসেন। স্বাগত বক্তব্য দেন অতিরিক্ত বিভাগীয় পরিচালক (উন্নয়ন) নুসরাত সুলতানা এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন উপ-পরিচালক আতিয়া চৌধুরী।
বক্তারা বলেন, নারীরা অর্থনৈতিক কর্মকাণ্ডে আরও বেশি সম্পৃক্ত হলে দেশের সামগ্রিক উন্নয়ন ত্বরান্বিত হবে এবং সমৃদ্ধ বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব হবে।

নিউজটি পোস্ট করেছেন : ডেস্ক রিপোর্ট

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ