অনলাইন ডেস্ক
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে সাংবাদিক ও নির্বাচন পর্যবেক্ষকদের কার্ড প্রদানের প্রক্রিয়ায় বড় পরিবর্তন এনেছে নির্বাচন কমিশন (ইসি)। এবার প্রথমবারের মতো সাংবাদিক ও পর্যবেক্ষক কার্ড এবং গাড়ির স্টিকার পেতে অনলাইনে আবেদন বাধ্যতামূলক করা হয়েছে।
নির্বাচন কমিশনের নির্ধারিত ওয়েবসাইট pr.ecs.gov.bd–এর মাধ্যমে এ আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।ইসি সূত্র জানায়, ওয়েবসাইটে প্রবেশ করে জাতীয় পরিচয়পত্র নম্বর, ইমেইল ঠিকানা, মোবাইল নম্বর ও পাসওয়ার্ড দিয়ে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশনের সময় মোবাইল নম্বরে পাঠানো ওটিপি (OTP) যাচাইয়ের মাধ্যমে নিবন্ধন সম্পন্ন হবে।
রেজিস্ট্রেশন শেষে মোবাইল নম্বর ও পাসওয়ার্ড ব্যবহার করে লগইন করে সাংবাদিক বা পর্যবেক্ষক কার্ডের জন্য আবেদন করা যাবে। জেলা ও উপজেলা পর্যায়ের সাংবাদিকদের ক্ষেত্রে বিভাগ, জেলা, নির্বাচনী আসন এবং উপজেলা বা থানার তথ্য বাধ্যতামূলকভাবে উল্লেখ করতে হবে।
আবেদনের প্রথম ধাপে আবেদনকারীর নাম, জাতীয় পরিচয়পত্র নম্বর, জন্মতারিখ ও লিঙ্গসহ ব্যক্তিগত তথ্য দিতে হবে। পরবর্তী ধাপে সংশ্লিষ্ট গণমাধ্যম প্রতিষ্ঠানের নাম, ঠিকানা, ইমেইল, ফোন নম্বর ও নিবন্ধন নম্বর প্রদান করতে হবে। প্রয়োজনে গণমাধ্যমের নিবন্ধন সনদ ও সর্বশেষ প্রকাশিত পত্রিকার কপি সংযুক্ত করতে হবে।
এছাড়া গণমাধ্যম প্রতিষ্ঠান কর্তৃক অনুমোদিত সাংবাদিকদের তালিকা ফাইল আকারে আপলোড করতে হবে এবং ওই তালিকায় আবেদনকারীর নামের ক্রমিক নম্বর উল্লেখ করতে হবে।
গাড়ির স্টিকার প্রয়োজন হলে সংশ্লিষ্ট অপশনে ‘হ্যাঁ’ নির্বাচন করে গাড়ির কাগজপত্রের তথ্য দিতে হবে। আবেদনের শেষ ধাপে অফিস আইডি, ছবি, স্বাক্ষর ও জাতীয় পরিচয়পত্রের কপি আপলোড করে আবেদন জমা দিতে হবে।
আবেদন যাচাই-বাছাই শেষে নির্বাচন কমিশন কিউআর কোড সংবলিত কার্ড পিডিএফ আকারে প্রদান করবে। ওই কার্ড প্রিন্ট করে সাংবাদিক ও পর্যবেক্ষকরা নির্বাচনে দায়িত্ব পালনের আইনি অনুমোদন পাবেন।এদিকে নির্বাচন কমিশন জানিয়েছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে দেশি ও বিদেশি মিলিয়ে প্রায় ৫৬ হাজার পর্যবেক্ষক দায়িত্ব পালন করবেন।
নিউজটি পোস্ট করেছেন :
ডেস্ক রিপোর্ট