ডিজিটাল ডেস্ক | ঢাকা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক মাসে ৫২ হাজার ডলারের বেশি ব্যয় করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী ও সমর্থকেরা। বাংলাদেশি মুদ্রায় এই ব্যয় প্রায় ৬৪ লাখ টাকা।
মেটার অ্যাড লাইব্রেরির তথ্য অনুযায়ী, নির্বাচনের তফসিল ঘোষণার পর গত বছরের ২৫ ডিসেম্বর থেকে চলতি বছরের ২৩ জানুয়ারি পর্যন্ত ৩০ দিনে অন্তত ১১২টি ফেসবুক পেজ থেকে এই বিজ্ঞাপন ব্যয় করা হয়েছে।
দল হিসেবে বিজ্ঞাপন ব্যয়ে শীর্ষে রয়েছে বিএনপি। দলটির পক্ষে প্রচার চালানো ৫০টি পেজ থেকে ব্যয় হয়েছে ৩০ হাজার ৯১৬ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৭ লাখ ৭১ হাজার টাকা।
দ্বিতীয় অবস্থানে রয়েছে জামায়াতে ইসলামী। দলটির পক্ষে থাকা ৩৩টি পেজ থেকে মোট ব্যয় হয়েছে ১১ হাজার ২২২ ডলার বা প্রায় ১৩ লাখ ৬৯ হাজার টাকা।
ব্যক্তিগতভাবে সবচেয়ে বেশি ব্যয় করেছেন বিএনপির চট্টগ্রাম-৭ আসনের প্রার্থী হুম্মাম কাদের চৌধুরী। তাঁর পেজ থেকে এক মাসে ব্যয় হয়েছে ৪ হাজার ২০০ ডলার।
বিজ্ঞাপন সংখ্যার দিক থেকেও এগিয়ে বিএনপি। দলটির পক্ষে দেওয়া হয়েছে ২ হাজার ২২৪টি বিজ্ঞাপন, যেখানে জামায়াতে ইসলামীর পক্ষে বিজ্ঞাপন ছিল ৭৩৯টি।
নির্বাচন বিশেষজ্ঞদের মতে, ডিজিটাল প্রচারে ব্যয়ের স্বচ্ছ নজরদারি না থাকলে নির্বাচনী সমতায় প্রভাব পড়তে পারে। তাঁরা ডিজিটাল বিজ্ঞাপন ব্যয়ও মোট নির্বাচনী ব্যয়ের হিসাবের মধ্যে কঠোরভাবে তদারকির ওপর জোর দিয়েছেন।
নিউজটি পোস্ট করেছেন :
ডেস্ক রিপোর্ট