পালন কুমার রংপুর প্রতিনিধি পঞ্চগড়ের দেবীগঞ্জে নিখোঁজের প্রায় ১২ ঘণ্টা পর পুকুর থেকে ওমর আলী (৫৫) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার পামুলী ইউনিয়নের ডাঙ্গাপাড়া এলাকার একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ওমর আলী ওই এলাকার আব্দুল হাইয়ের ছেলে। তিনি পেশায় ঘটক ছিলেন।
স্থানীয়রা জানান, সোমবার (৫ অক্টোবর) সন্ধ্যার পর থেকে ওমর আলীর খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরে রাত সাড়ে ৮টার দিকে বাড়ির পাশের পুকুরপাড়ে তার জুতা দেখতে পান স্বজনরা। তিনি পানিতে পড়ে থাকতে পারেন—এমন ধারণা থেকে স্থানীয়রা খোঁজাখুঁজি শুরু করেন এবং ফায়ার সার্ভিসে খবর দেন।
খবর পেয়ে দেবীগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে রাতেই উদ্ধার অভিযান চালান। তবে অন্ধকারের কারণে ওই সময় তার সন্ধান পাওয়া যায়নি। পরে রংপুর থেকে বিশেষ ডুবুরি দলকে খবর দেওয়া হয়।
মঙ্গলবার সকালে ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে পুনরায় উদ্ধার অভিযান শুরু করে। প্রায় ১০ মিনিটের চেষ্টায় পুকুরের পানি থেকে ওমর আলীর মরদেহ উদ্ধার করা হয়।
দেবীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্য রফি ইসলাম জানান, সোমবার রাত ৯টার দিকে খবর পেয়ে তারা ঘটনাস্থলে যান। পরে রংপুরের বিশেষ ডুবুরি দলের সহযোগিতায় সকালে মরদেহ উদ্ধার করা হয়।
দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুসা মিয়া জানান, প্রাথমিক সুরতহাল ও আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
নিউজটি পোস্ট করেছেন :
ডেস্ক রিপোর্ট