ছবির ক্যাপশন:
ফিফার সাবেক সভাপতি সেপ ব্ল্যাটার বলেছেন, নিরাপত্তার কারণে সমর্থকদের এ বছর যুক্তরাষ্ট্রে গিয়ে বিশ্বকাপের ম্যাচ না দেখাই ভালো। তাঁর মতে, বিশ্বকাপ দেখতে যুক্তরাষ্ট্রে যাওয়া ঝুঁকিপূর্ণ হতে পারে, তাই সমর্থকদের ওই দেশ এড়িয়ে চলা উচিত।
ব্ল্যাটার এই বক্তব্য দিয়েছেন দুর্নীতিবিরোধী আইনজীবী মার্ক পিয়েথের মন্তব্যের পক্ষে দাঁড়িয়ে। পিয়েথ আগে থেকেই বলে আসছেন, যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ চলাকালে সমর্থকদের নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন রয়েছে।
এই উদ্বেগের পেছনে কয়েকটি ঘটনা রয়েছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রে অভিবাসন সংস্থার এক কর্মকর্তার গুলিতে রেনে গুড নামে এক প্রতিবাদকারী নিহত হন। এরপর আবার অ্যালেক্স প্রেটি নামে এক নার্স ফেডারেল কর্মকর্তাদের গুলিতে মারা যান। এসব ঘটনার কারণেই পিয়েথ ও ব্ল্যাটার মনে করছেন, বিশ্বকাপ দেখতে সমর্থকদের যুক্তরাষ্ট্রে যাওয়া নিরাপদ নাও হতে পারে।
পিয়েথ আরও বলেন, যুক্তরাষ্ট্রে রাজনৈতিক ভিন্নমত দমন, অভিবাসীদের প্রতি কঠোর আচরণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি সমর্থকদের জন্য উদ্বেগের বিষয়। তাঁর পরামর্শ—স্টেডিয়ামে গিয়ে না দেখে টেলিভিশনে বিশ্বকাপ দেখা বেশি নিরাপদ।
উল্লেখ্য, ২০২৬ সালের বিশ্বকাপ যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় যৌথভাবে আয়োজন করা হবে। এই প্রেক্ষাপটেই ব্ল্যাটারের এমন মন্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।