নিজস্ব প্রতিবেদক | ঢাকা
রাজধানীর হাতিরঝিল এলাকায় রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি পিকআপের ধাক্কায় আব্দুল হামিদ খান (৪৫) নামে এক পাঠাও চালক নিহত হয়েছেন।
রোববার (১ ফেব্রুয়ারি) দিবাগত রাত সোয়া ১২টার দিকে হাতিরঝিলের ২ নম্বর গেটের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল হামিদ বরিশালের বাবুগঞ্জ উপজেলার দক্ষিণ জাহানপুর গ্রামের রফিকুল খানের ছেলে। তিনি বর্তমানে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলের কুনিপাড়া এলাকায় পরিবারসহ বসবাস করতেন।
প্রতিবেশী ও উদ্ধারকারী মো. কামরুজ্জামান জানান, আব্দুল হামিদ খাঁন পেশায় পাঠাও চালক ছিলেন। রোববার রাতে হাতিরঝিল মহানগর প্রজেক্টের ৮ নম্বর রোডে তার ব্যবহৃত মোটরসাইকেলটি রেখে বাসায় ফিরছিলেন। এ সময় হাতিরঝিল ২ নম্বর গেটের সামনে দিয়ে রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী পিকআপ তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।
পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাত ১২টা ৪৫ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং সংশ্লিষ্ট থানায় বিষয়টি জানানো হয়েছে। দুর্ঘটনায় জড়িত পিকআপটি শনাক্ত ও আটক করার চেষ্টা চলছে।
নিউজটি পোস্ট করেছেন :
ডেস্ক রিপোর্ট