ঢাকা | , ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

শাপলা কলিতে ভোটের জেরে নির্যাতন: হাতিয়ার ভুক্তভোগী নারীকে দেখতে নোয়াখালী যাচ্ছেন জামায়াত আমির

ডেস্ক রিপোর্ট
নিউজ প্রকাশের তারিখ : Feb 15, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:

নোয়াখালীর হাতিয়ায় ভোট দেওয়া নিয়ে নির্যাতনের শিকার তিন সন্তানের জননীকে দেখতে যাচ্ছেন ডা. শফিকুর রহমান। রোববার হেলিকপ্টারযোগে নোয়াখালী সফরের কথা জানিয়েছেন তার ব্যক্তিগত সহকারী নজরুল ইসলাম। বর্তমানে ভুক্তভোগী নারী নোয়াখালী জেনারেল হাসপাতাল-এ চিকিৎসাধীন।

শনিবার রাতে জামায়াত আমির ভিডিও কলে নির্যাতিতার সঙ্গে কথা বলেন। এ সময় তিনি তাকে ‘বোন’ সম্বোধন করে দ্রুত নোয়াখালী গিয়ে খোঁজ নেওয়ার আশ্বাস দেন। একই ঘটনায় পৃথকভাবে কথা বলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি ভুক্তভোগীকে ‘মা’ সম্বোধন করে পাশে থাকার প্রতিশ্রুতি দেন এবং শিগগিরই দেখা করার ইচ্ছা প্রকাশ করেন।

জেলা জামায়াতের আমির ইসহাক খন্দকার জানান, দলীয় প্রধান সরাসরি খোঁজখবর নিয়েছেন এবং চিকিৎসার বিষয়ে প্রয়োজনীয় সহায়তার কথাও বলেছেন।

এদিকে নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য ও এনসিপির নেতা আবদুল হান্নান মাসউদ অভিযোগ করে বলেন, হাতিয়া দ্বীপাঞ্চলে রাজনৈতিক প্রতিপক্ষের লোকজন তাণ্ডব চালাচ্ছে। তার দাবি, নির্বাচনে ভোট দেওয়াকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে ভয়ভীতি ও হামলার ঘটনা ঘটছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে হাতিয়ার চানন্দী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ধানসিঁড়ি আশ্রয়ণ প্রকল্প এলাকায় কয়েকজন ব্যক্তি ওই নারীর ঘরে ঢুকে তার স্বামীকে বেঁধে ফেলে এবং তাকে মারধর ও নির্যাতন করে। শনিবার বিকেলে গুরুতর অবস্থায় তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্র জানিয়েছে, তিনি চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে তদন্ত কার্যক্রম চলছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

নিউজটি পোস্ট করেছেন : ডেস্ক রিপোর্ট

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ