চট্টগ্রাম-৫ (হাটহাজারী–বায়েজিদ আংশিক) সংসদীয় আসনে রিকশা প্রতীকের প্রার্থী মাওলানা নাছির উদ্দীন মুনিরের পক্ষে ১০ দলীয় জোটের উদ্যোগে এক যৌথ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় হাটহাজারীতে আয়োজিত সংবাদ সম্মেলনে জোট নেতৃবৃন্দ বলেন, আগামীর বাংলাদেশ হবে ন্যায় ও ইনসাফের নতুন বাংলাদেশ—যেখানে দুর্নীতি, সন্ত্রাস ও চাঁদাবাজির কোনো স্থান থাকবে না।
বক্তারা বলেন, জামায়াতের নেতৃত্বে গঠিত ১০ দলীয় জোট আজ জাতির আশা ও আকাঙ্ক্ষার প্রতীকে পরিণত হয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারি ব্যালট বিপ্লবের মাধ্যমে চট্টগ্রাম-৫ আসনের ভোটাররা জোট মনোনীত রিকশা প্রতীকের প্রার্থী মাওলানা নাছির উদ্দীন মুনিরকে বিজয়ী করবেন—এমন প্রত্যাশা ব্যক্ত করেন তারা।
সংবাদ সম্মেলনে রিকশা প্রতীকের প্রার্থী মাওলানা নাছির উদ্দীন মুনির বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, সুশাসন প্রতিষ্ঠা এবং জনগণের ভোটাধিকার নিশ্চিত করাই ১০ দলীয় জোটের মূল লক্ষ্য। তিনি বলেন, “রিকশা মার্কা সাধারণ মানুষের প্রতীক। এই প্রতীকের মাধ্যমেই জনগণের অধিকার ও আশা-আকাঙ্ক্ষার বাস্তব প্রতিফলন ঘটবে ইনশাআল্লাহ।”
তিনি আরও বলেন, নির্বাচিত হলে হাটহাজারীসহ সংশ্লিষ্ট এলাকায় শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থান খাতে বাস্তবভিত্তিক উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। একই সঙ্গে দুর্নীতি, চাঁদাবাজি, দখলদারিত্ব ও মাদকমুক্ত সমাজ গঠনে তিনি আপসহীন ভূমিকা রাখবেন বলে আশ্বাস দেন।
এছাড়াও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা, মাদরাসা ও সাধারণ শিক্ষার মধ্যে সমন্বয় সাধন, যুবসমাজকে নৈতিক শিক্ষায় গড়ে তোলা এবং নারী ও শিশুদের অধিকার রক্ষায় কার্যকর উদ্যোগ গ্রহণের প্রতিশ্রুতি দেন তিনি।
সংবাদ সম্মেলনে জোট নেতৃবৃন্দ আগামী নির্বাচনে জনগণের সর্বাত্মক সমর্থন কামনা করেন এবং দেশ ও জাতির কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
এ সময় উপস্থিত ছিলেন নেজামে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমীর আলহাজ্ব আবদুর রহমান চৌধুরী, বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম উত্তর জেলা শূরা ও কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ রফিকুল ইসলাম ও মাওলানা জামাল হোসাইন, বাংলাদেশ খেলাফত মজলিস চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি মুফতি শেহাব উদ্দিন, জামায়াতে ইসলামীর হাটহাজারী উপজেলা আমীর অধ্যাপক শোয়াইব চৌধুরী, বাংলাদেশ খেলাফত মজলিস চট্টগ্রাম উত্তর জেলা ও হাটহাজারী উপজেলার সাধারণ সম্পাদক ওজাইর হামিদীসহ বিভিন্ন দলের নেতৃবৃন্দ।
বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির চট্টগ্রাম উত্তর জেলা সভাপতি ও হেফাজতে ইসলাম বাংলাদেশ হাটহাজারী উপজেলা সভাপতি মুফতি মোহাম্মদ আলী কাসেমীর সভাপতিত্বে এবং জামায়াতে ইসলামীর হাটহাজারী পৌরসভা যুব বিভাগের সভাপতি আসলাম মোরশেদের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে ১০ দলীয় জোটের আরও নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
নিউজটি পোস্ট করেছেন :
ডেস্ক রিপোর্ট