প্রিন্ট এর তারিখঃ Jun 4, 2026 ইং || প্রকাশের তারিখঃ Mar 4, 2026 ইং
Chattogram Metropolitan Police-এর আয়োজনে ক্ষতিগ্রস্ত পুলিশ সদস্যদের মাঝে ২৪ লাখ টাকার সহায়তা প্রদান

মোহাম্মদ মাসুদ
সরকারি দায়িত্ব পালনকালে সড়ক দুর্ঘটনায় আহত ও ক্ষতিগ্রস্ত পুলিশ সদস্যদের আর্থিক সহায়তা প্রদান করেছে Bangladesh Road Transport Authority (বিআরটিএ) ট্রাস্টি বোর্ড। Chattogram Metropolitan Police (সিএমপি)-এর উদ্যোগে নগরীর দামপাড়া পুলিশ লাইনস সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে মোট ২৪ লাখ টাকার চেক বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সিএমপি কমিশনার হাসিব আজিজ, বিপিএম সভাপতিত্ব করেন। তিনি দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ১ জন সিভিল গাড়িচালক ও ১৭ জন পুলিশ সদস্য—মোট ১৮ জনের হাতে সহায়তার চেক তুলে দেন।
বক্তব্যে পুলিশ কমিশনার বলেন, দায়িত্ব পালনের সময় ঝুঁকি নেওয়া সদস্যদের পাশে দাঁড়ানো রাষ্ট্রের নৈতিক দায়িত্ব। এ ধরনের সহায়তা কেবল আর্থিক সহযোগিতা নয়, বরং পুলিশ সদস্যদের আত্মবিশ্বাস ও কর্মস্পৃহা বৃদ্ধি করে। তিনি বিআরটিএ ট্রাস্টি বোর্ডের এই উদ্যোগকে সময়োপযোগী ও মানবিক পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন এবং সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।
উল্লেখ্য, ২০২৫ সালের ৩১ অক্টোবর সরকারি দায়িত্ব পালনকালে সংঘটিত সড়ক দুর্ঘটনায় এসব সদস্য আহত হন। পরবর্তীতে বিষয়টি যাচাই-বাছাই শেষে বিআরটিএ ট্রাস্টি বোর্ড ক্ষতিগ্রস্তদের জন্য আর্থিক সহায়তা অনুমোদন করে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ, উপ-পুলিশ কমিশনার (সদর) মোঃ ফেরদৌস আলী চৌধুরী (বিপিএম), উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) হোসাইন মোহাম্মদ কবির ভূইয়া, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) নেছার উদ্দিন আহম্মেদ (পিপিএম) এবং বিআরটিএ চট্টগ্রাম কার্যালয়ের বিভাগীয় পরিচালক মাসুদ আলমসহ সিএমপি’র অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা
।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সড়ক দুর্ঘটনায় সরকারি দায়িত্বে নিয়োজিত সদস্যদের সহায়তায় বিআরটিএ ট্রাস্টি বোর্ড নিয়মিতভাবে আর্থিক অনুদান প্রদান করে থাকে। এ উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়েছে।
© স্বত্বাধিকারঃ S Vision 24 News
কারিগরি সহযোগিতায়:
CTG IT Soft