প্রিন্ট এর তারিখঃ Jun 4, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jan 31, 2026 ইং
ভোটাধিকার সুরক্ষায় তৎপর বিজিবি, মোতায়েন ৩৭ হাজার সদস্য

চট্টগ্রাম প্রতিনিধি : মোহাম্মদ মাসুদ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে সারা দেশে ৩৭ হাজারেরও বেশি বিজিবি সদস্য মোতায়েন করা হচ্ছে। নির্বাচনকালীন শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত, আইন-শৃঙ্খলা রক্ষা এবং ভোটারদের ভোটাধিকার সুরক্ষায় বিজিবি সর্বোচ্চ সতর্কতা ও প্রস্তুতি গ্রহণ করেছে।
শনিবার (৩১ জানুয়ারি) বিজিবির এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানানো হয়, বিজিবি রাজনৈতিকভাবে নিরপেক্ষ থেকে সকল রাজনৈতিক দল ও প্রার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করবে, যাতে নির্বাচন হয় অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য।ভোটারদের জন্য নিরাপদ ও ভয়মুক্ত পরিবেশ নিশ্চিত করতে বিজিবি অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ে কাজ করবে। পাশাপাশি সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার, চোরাচালান, মাদক ও অস্ত্র পাচার প্রতিরোধে টহল ও নজরদারি বৃদ্ধি করা হয়েছে।
আগামী ০১ ফেব্রুয়ারি থেকে বিজিবি পূর্ণমাত্রায় দায়িত্ব পালন শুরু করবে। দেশের ৪৮৯টি উপজেলায় বিজিবি নির্বাচনী দায়িত্বে থাকবে, এবং ঝুঁকি বিবেচনায় সব ৩০০টি সংসদীয় আসনে মোবাইল ও স্ট্যাটিক ফোর্স মোতায়েন করা হবে। এছাড়া K-9 ডগ স্কোয়াড, র্যাপিড অ্যাকশন টিম (RAT) ও কুইক রেসপন্স ফোর্স (QRF) জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকবে।
বিজিবি জানিয়েছে, সরকার, নির্বাচন কমিশন ও জনগণের সম্মিলিত প্রচেষ্টায় আসন্ন নির্বাচন শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে।
© স্বত্বাধিকারঃ S Vision 24 News
কারিগরি সহযোগিতায়:
CTG IT Soft