বিশ্বের অন্যতম প্রযুক্তি প্রতিষ্ঠান মেটা তাদের জনপ্রিয় প্ল্যাটফর্ম ইনস্টাগ্রাম, ফেসবুক ও হোয়াটসঅ্যাপে নতুন সাবস্ক্রিপশনভিত্তিক সেবা পরীক্ষার উদ্যোগ নিচ্ছে। এই সাবস্ক্রিপশনের আওতায় ব্যবহারকারীদের জন্য যুক্ত হবে বিশেষ কিছু এক্সক্লুসিভ ফিচার ও উন্নত সুবিধা।
মেটার পক্ষ থেকে জানানো হয়েছে, প্রিমিয়াম সাবস্ক্রিপশনে থাকছে অতিরিক্ত প্রোডাক্টিভিটি টুল, সৃজনশীল কাজের জন্য নতুন সুযোগ এবং আধুনিক এআই-ভিত্তিক সুবিধা। তবে সাধারণ ব্যবহারকারীদের জন্য অ্যাপগুলোর মূল সেবা আগের মতোই সম্পূর্ণ ফ্রি থাকবে।
সাবস্ক্রিপশন গ্রহণকারীরা কনটেন্ট নিয়ন্ত্রণ, শেয়ারিং ও সংযোগ ব্যবস্থায় বাড়তি অপশন পাবেন। পাশাপাশি ব্যবহার অভিজ্ঞতা আরও ব্যক্তিগত ও কার্যকর করতে কিছু বিশেষ নিয়ন্ত্রণ সুবিধাও যুক্ত করা হবে।
একই ধরনের সাবস্ক্রিপশন প্যাকেজে সীমাবদ্ধ থাকছে না মেটা। বরং বিভিন্ন ফিচার ও সুবিধা আলাদাভাবে পরীক্ষা করা হবে। প্রতিটি অ্যাপের জন্য সাবস্ক্রিপশন কাঠামোও ভিন্ন হতে পারে বলে ইঙ্গিত দিয়েছে প্রতিষ্ঠানটি।
এদিকে মেটা তাদের এআই কার্যক্রম আরও বিস্তৃত করতে “ম্যানাস” নামের একটি কৃত্রিম বুদ্ধিমত্তা এজেন্টকে বড় পরিসরে যুক্ত করার পরিকল্পনা করছে। সম্প্রতি প্রায় ২ বিলিয়ন ডলারে এই এআই প্রতিষ্ঠানটি অধিগ্রহণ করেছে মেটা। ভবিষ্যতে মেটার বিভিন্ন প্রোডাক্টে এই এআই প্রযুক্তি সংযুক্ত করা হবে। পাশাপাশি ব্যবসা প্রতিষ্ঠানগুলোর জন্য আলাদা সাবস্ক্রিপশন সেবার মাধ্যমেও এটি বাজারজাত করা হবে।
প্রযুক্তি বিশ্লেষকদের মতে, এই উদ্যোগ মেটার রাজস্ব বাড়ানোর পাশাপাশি ব্যবহারকারীদের জন্য নতুন অভিজ্ঞতার দ্বার খুলে দিতে পারে।