প্রিন্ট এর তারিখঃ Jun 4, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jan 24, 2026 ইং
মনজুর আলমের উদ্যোগে মাইজভান্ডার ওরশে খতমে কোরআন ও তবারক বিতরণ

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলম প্রতিষ্ঠিত আলহাজ্ব হোসনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্ট–এর আয়োজনে গাউছুল আজম মাইজভান্ডারী, ইমামুল আউলিয়া হযরত মাওলানা শাহ সুফি সৈয়দ আহমদ উল্লাহ (কঃ)–এর ১২০তম মাইজভান্ডার ওরশ শরীফ উপলক্ষে ধর্মীয় কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
ফটিকছড়ি উপজেলার মাইজভান্ডার এলাকার আজিমপুর আস্তানায় ১০ মাঘ (২৪ জানুয়ারি) রাতে খতমে কোরআনে পাক, আলোচনা সভা, মিলাদ মাহফিল, ভক্তদের মাঝে খাবার ও তবারক বিতরণের মধ্য দিয়ে ওরশ শরীফের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
আজিমপুর আস্তানায় অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলম। ধর্মীয় এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহ সুফি সৈয়দ মিনহাজুল আনোয়ার (মঃজিঃআঃ)।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মোস্তফা হাকিম গ্রুপের পরিচালক আলহাজ্ব মোহাম্মদ নিজামুল আলম রাজু, আলহাজ্ব মোহাম্মদ সরোয়ার আলম, আলহাজ্ব মোহাম্মদ ফারুক আজম, আলহাজ্ব মোহাম্মদ সাইফুল আলম, আলহাজ্ব মো. শাহিদুল আলম, উপাধ্যক্ষ বাদশা আলমসহ মাইজভান্ডার দরবার শরীফের বিশিষ্টজন, ভক্ত, অনুরাগী ও আশেকানবৃন্দ।
আলোচনা সভায় সভাপতির বক্তব্যে সাবেক মেয়র আলহাজ্ব মোহাম্মদ মনজুর আলম বলেন, একক স্রষ্টা আল্লাহর আনুগত্য, বিরোধ পরিহার, শান্তিপূর্ণ সহাবস্থান এবং নীতি-নৈতিকতার চর্চার মধ্যেই মুক্তির পথ নিহিত।
প্রধান অতিথির বক্তব্যে শাহ সুফি সৈয়দ মিনহাজুল আনোয়ার বলেন, মদিনার সনদে বর্ণিত শর্তসমূহ অনুসরণের মাধ্যমেই ন্যায়, নীতি, সাম্য, দয়া, দায়িত্ববোধ ও পারস্পরিক সম্মানের ভিত্তিতে শান্তিপূর্ণ সহাবস্থান সম্ভব। তিনি বৈষম্যহীন সমাজ ব্যবস্থার কামনা করেন।
ধর্মীয় আলোচনা শেষে মোনাজাত পরিচালনা করেন মাওলানা আলহাজ্ব ইমরান হাসান আল কাদেরী। পরে ভক্ত, আশেকান ও অনুরাগীদের মাঝে শাহি ডেক প্রস্তুত ফিন্নি ও খাবার বিতরণ করা হয়।
© স্বত্বাধিকারঃ S Vision 24 News
কারিগরি সহযোগিতায়:
CTG IT Soft